শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, আগের নামটি মুছে দিয়ে প্রতিটি ভবনে নতুন ব্যানার টানানো হয়েছে। প্রতিটি ব্লকের সাইনবোর্ডে বঙ্গবন্ধুর নামের পরিবর্তে এখন ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ লেখা দেখা যাচ্ছে।
গত বুধবার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের নতুন ঢেউ ওঠে। এর জেরে আন্দোলনরত ছাত্র-জনতা ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ভেঙে ফেলার পাশাপাশি শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করতে শুরু করে।
এরই ধারাবাহিকতায়, এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ফেলা হলো। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও এতে যুক্ত ছিলেন।
"সকালে এসে দেখি নতুন ব্যানার টাঙানো হয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে নাম পরিবর্তনের বিষয়ে কয়েকটি প্রস্তাব রয়েছে। এটি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে, আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।"
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন,
"নাম পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।"