সিরাজগঞ্জ শহরের ব্যস্ততম বাজার স্টেশন এলাকায় নিয়মবহির্ভূতভাবে বাস পার্কিং করার দায়ে এক চালককে জরিমানা ও আটক করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা। রবিবার (২৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এর ফলে শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা যানজটমুক্ত রাখতে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় বাস পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এসআই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস তাদের কাউন্টারের সামনে যাত্রী তোলার জন্য পার্কিং করে রাখে।
এ সময় শহরের যানজট নিয়ন্ত্রণে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিয়মবহির্ভূত পার্কিংয়ের অপরাধে বাস চালক সানোয়ার হোসেনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে চালক সানোয়ারের কাছে জরিমানার টাকা না থাকায় তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে।
চালক আটকের খবরটি বাস শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। তারা বেশ কয়েকটি বাস দিয়ে বাজার স্টেশন এলাকার মূল সড়ক অবরুদ্ধ করে রাখেন। সড়ক অবরোধের কারণে চারপাশের রাস্তায় যানবাহন আটকা পড়ে পুরো এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়।
পরবর্তীতে পরিস্থিতি বেগতিক দেখে বাস চালক মোঃ সানোয়ার হোসেন জরিমানার ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করলে প্রশাসন তাকে ছেড়ে দেয়। চালক মুক্ত হওয়ার পর শ্রমিকরা সড়ক থেকে বাস সরিয়ে নিলে বিকেল ৫টার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।