আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কলকাঠি নাড়ছে তৃতীয় কোনো পক্ষ। তৈমূর অন্য কারও সুরে কথা বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর আলম খন্দকারের নানা অভিযোগের জবাবে তিনি বলেন। যদিও তৈমূর বলছেন, কারও ইশারায় নয়; জনদাবির প্রেক্ষিতেই নির্বাচনী মাঠে নেমেছেন তিনি।
রাজনৈতিক নানা সমীকরণে নারায়ণগঞ্জের নির্বাচন মানেই বিশেষ কিছু। নির্বাচন এখানে বরাবরই উৎসব নিয়ে আসে। প্রচারণা শুরু হতে না হতেই যেন পোস্টারে ছেয়ে গেছে পুরো নগর। দিনভর মাইকিংও চলছে পুরোদমে। তফসিলের পর থেকেই অলিগলি আর চায়ের দোকান সবখানেই আড্ডা আলোচনায় নির্বাচন।
প্রার্থীরাও সকাল-সন্ধ্যা ব্যস্ত ভোটারদের কাছে যেতে। এরই মধ্যে বরাবরের মতোই উৎসবের আমেজেই প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী আইভী। আর দলীয় প্রতীকে নির্বাচন না করলেও স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে মাঠে নামছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর। ভোটারদের পাশাপাশি একে অপরের নানা অভিযোগও করছেন তারা। আইভী বলছেন, তৃতীয় কারো ইশারায় চলছে তৈমূর, আর তা মানতে নারাজ তৈমূর।
উন্নয়নের ধারাবাহিকতায়ই নৌকার জয় হবে বলে বিশ্বাস টানা দুবারের মেয়রের। আর তৈমূর বলছেন, পরিবর্তনের ডাকেই মাঠে নেমেছেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। মোট ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন মেয়র পদে ৭ জনসহ ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে।