বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ‘৩৩টি আসনে জয়’ নিশ্চিত করতে কাজ করছে তার দল। শুক্রবার (২০ জুন) রংপুর নগরীর শাপলা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, “আমরা নির্বাচন ঘোষণার তারিখে বিশ্বাসী নই, বরং জনগণের ন্যায়ের পক্ষে রায় আদায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যে ৩৩টি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং প্রতিটি আসনে জয় ছিনিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের নেতারা বলেন, দলটি রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে, বিশেষ করে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, শহীদ আবু সাঈদসহ ছাত্র-জনতার ত্যাগের মূল্যায়ন এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ নানা ইস্যুতে মাঠে কাজ করছে।
আগামী ৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভা করার ঘোষণাও দেওয়া হয়। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং প্রধান বক্তা হবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। এছাড়া ছাত্রশিবির ও কেন্দ্রীয় নেতৃত্বের অন্যান্যরাও উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমির মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, অধ্যাপক গোলাম রব্বানী, এ কে এম আনোয়ারুল হক কাজল, এনামুল হক, মোস্তাক আহমেদ, রায়হান সিরাজী, নুরুল হুদা, আনিছুর রহমান, সোহেল রানা, সুমন সরকার, ফিরোজ মাহমুদ, হামিদুল ইসলাম প্রমুখ।
জেএইচ/ইডি