আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। ৭ মার্চ (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা প্রাণ কোম্পানির মোড় এলাকায় পরিবহন শ্রমিক সংগঠনের নামে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করা হয়। এর নিয়ন্ত্রণ নিয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সাধারণ সম্পাদক ইউসুফ শেখ এবং স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এর জের ধরেই সোমবার দুপুরে উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিক ইউনিয়ন অফিস ও পাশের একটি চা স্টলে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত বেশ কিছু লোহার রড ও পাইপ উদ্ধার করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত ওসি মুনসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি শ্রমিক ইউনিয়ন অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।