শরীয়তপুরের জাজিরা উপজেলার দেখা মিলেছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমানের। বেশ কিছু দিন যাবত দলছুট হয়ে মুখপোড়া হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায় জাজিরা বাজারসহ বিভিন্ন এলাকায়। হনুমানটি যেখানেই যাচ্ছে, সেখানেই কৌতূহলী মানুষ ভিড় করে সেটিকে দেখছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কৌতূহলী জনতা ভিড় জমালেই হনুমানটি বাজারের বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। ছুটে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। কেউ কেউ তাকে খেতে দিচ্ছে কলা, বিস্কুট ও পাউরুটি সহ বিভিন্ন খাবার। প্রাণীটি কীভাবে এবং কোথা থেকে জাজিরা বাজারে এসেছে, তা নির্দিষ্ট করে কেউ জানে না। তবে ধারণা করা হচ্ছে প্রাণীটি কলার ট্রাকে করে যশোর থেকে এসেছে।
এছাড়া জানা যায়, মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম সবকিছু এরা গাছে থেকেই সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে এরা। তাছাড়া বিভিন্ন উদ্ভিদের পরাগায়ণ ও বংশবৃদ্ধিতেও সহায়তা করে থাকে। বর্তমানে জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের জন্য বনভূমি হ্রাস পাওয়ায় অস্তিত্বর সংকটে পড়ার কারণেই এরা লোকালয়ে এসেছে।
নিরব তাহসান, শরীয়তপুর.