জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: তানভীর আহসান।
রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ (দুই) বছরের জন্য জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: তানভীর আহসান দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তানভীর আহসান বলেন, আমার মূল লক্ষ্য থাকবে জনসংযোগ দপ্তরের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করা। সবাইকে সাথে নিয়ে সেই কাজটি করে যেতে চাই। বিশ্ববিদ্যালয়কে সবার মধ্যে ভালোভাবে পরিচিত করার গুরুদায়িত্ব সবারই। সেই জায়গায় সবাইকে সম্পৃক্ত করে কাজগুলো করে যেতে চাই। সেজন্য সবার সহযোগিতা কাম্য।