৯ জানুয়ারি (রোববার) রাত ৯টার দিকে মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদি এলাকায় স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হন ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, আগামী ৩১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খলিল দর্জির কর্মী সমর্থকরা করদি এলাকায় নির্বাচনী প্রচারণা করতে যায়। এ সময় অপর স্বতন্ত্র চেয়ারম্যান বাবুল আখতারের সমর্থক কর্মীরা বাধা দেয়। একপর্যায়ে উভয় সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের আহত হয় ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে ।
আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. সালাউদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।