১৫ জানুয়ারি (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্কভিটা কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা কর্তৃপক্ষ জানায় আগুনে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানায়, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪ তলার ডায়া মেশিনের ভেতরে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মণ্ডল জানান, আগুনে কিছু পাউডার দুধ পুড়ে গেলেও মেশিনের তেমন কোনো ক্ষতি হয়নি। এটি সামান্য ওয়াশ করলেই আবারও চালু করা সম্ভব।