ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী লাভলুর করা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মো. সামিউর রহমান মিঠু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভাঙ্গার অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামিউর রহমান মিঠু বলেন, গত ২৬ অক্টোবর ভাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী লাভলু তার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিঠুর দাবি, বিদেশ থেকে দেশে ফেরার পর নুরে আলম সিদ্দিকী লাভলু তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে কাজ করার জন্য বারবার অনুরোধ করেন। তবে লাভলুর রাজনৈতিক সংশ্লিষ্টতা ও কর্মকাণ্ডের কারণে তিনি ওই প্রস্তাবে সম্মতি দেননি। এরপর থেকে তাঁকে চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে মিঠু সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে বালু ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন।
মিঠু বলেন, রাজনৈতিক প্রস্তাবে সম্মতি না দেওয়ার কারণে মিথ্যা অভিযোগে কাউকে জড়ানো এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তার বিরুদ্ধে আনা অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ দাবি করে তিনি এ ঘটনার যথাযথ প্রতিকার চান।
সংবাদ সম্মেলনে আকাশ মাতুব্বর, জহুরুল মুন্সী, নুরুল হক, মিজানুর রহমান মিজান সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী লাভলুর বক্তব্য পাওয়া যায়নি।