কর্মসূচিতে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতে পারে। ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়লে নগদ অর্থ বহনের প্রয়োজন ও সংশ্লিষ্ট ঝুঁকি কমানোর পাশাপাশি লেনদেনের হিসাব সংরক্ষণেও সুবিধা পাওয়া যায়। এ জন্য গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতন করা এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া জরুরি। তাঁরা আরও বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সুবিধা শহর ও গ্রাম— উভয় এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাংকগুলোর এ ধরনের প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল লেনদেনের নিয়ম, নিরাপত্তা ও সতর্কতা সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদরের বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির বড়বাড়ি শাখার ব্যবস্থাপক দুলালচন্দ্র রায়। এ সময় স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম মান্না, শাহেবর হোসেন সুমন, ঠিকাদার মোজাম্মেল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শিমুলতলা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পূবালী ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কেও উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।