এনবিআর সংস্কারে ৬ সদস্যের সমন্বয় কমিটি গঠন
ইসময় ডেস্ক
eshomoy.com || 2025-06-19
ফাইল ছবি |ইসময়|
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ৬ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। এনবিআর সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে প্রধান সমন্বয়কারী করে এই কমিটি গঠনের আদেশ বৃহস্পতিবার (১৯ জুন) জারি করা হয়।
প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত আদেশে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—
•জি এম আবুল কালাম কায়কোবাদ (কর প্রশাসন ও মানবসম্পদ)
•ফারজানা আফরোজ (কাস্টমস ও ভ্যাট প্রশাসন)
•মো. আলমগীর হোসেন (কর অডিট, ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন)
•কাজী মোস্তাফিজুর রহমান (কাস্টমস নিরীক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্য)
•ড. মো. আব্দুর রউফ (মূসক নীতি)
আদেশে বলা হয়েছে, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়নের অংশ হিসেবে এবং এনবিআরকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগে উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ে কাজ করবে।
এর আগে, এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সারাদেশে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স কর্মকর্তারা ১৩ দিনব্যাপী আন্দোলন করেন। চার দফা দাবির মধ্যে তিনটি পূরণ হওয়ায় আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও, চেয়ারম্যান অপসারণের দাবিতে তারা এখনও অনড়।
জেএইচ/ইডি