দুই মন্ত্রীর পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পদত্যাগ দাবি করেন। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রীরা ব্যর্থ হয়েছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুই মন্ত্রী পদত্যাগ না করলে সারা দেশে বিক্ষোভ মিছিল করা হবে। প্রয়োজনে সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায়ের কর্মসূচি পালন করা হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।