সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছে আদালত। ৩১ জানুয়ারি (সোমবার) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায়ের এক পর্যবেক্ষণে এ মন্তব্য করেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে রায় পড়া শুরু করেন আদালত। আদালতের কার্যক্রম শুরুর আগেই আলোচিত এই হত্যা মামলার ১৫ আসামিকে কারাগার থেকে আদালতে তোলা হয়।
আদালত বলেন, সিনহা হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পিত এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।
এদিকে আলোচিত এই রায়কে কেন্দ্র করে কক্সবাজার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের প্রবেশ পথ, জেলা প্রশাসক কার্যালয় এলাকা, পৌরসভা গেট, ও কাঁচাবাজার এলাকাসহ সাত স্তরে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়।
সোমবার সকাল ৭টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রায় ঘোষণার সময় পিছিয়ে দুপুরে করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বর থেকে সরে যান। এ সময় উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করে। পরে সেখানে আবারো নিরাপত্তা জোরদার করা হয়।