ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটাররা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের ভোটদানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’। যার মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আগামীকাল বুধবার থেকেই অ্যাপটি থেকে ভোটদানের নিবন্ধন শুরু করতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় নমুনা হিসেবে মিশর, জাপান, আরব আমিরাত, কেনিয়া ও নেদারল্যান্ডস থেকে একজন করে প্রবাসীর নিবন্ধন সম্পন্ন করা হয়।
অ্যাপ উদ্বোধন করে সিইসি বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপ গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে এটা ইতিহাস সৃষ্টি করলো। এতদিন প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আজ সেই বঞ্চনা দূর হলো। প্রবাসী ভোটাররা গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবেন।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে তিনি বলেন, প্রবাসী নাগরিকরা যেমন অর্থনৈতিক নাগরিক হিসেবে ভূমিকা রাখছে, এমনভাবে গণতান্ত্রিক নাগরিক হিসেবে ভূমিকা রাখাও কর্তব্য। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী।
বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন, ইসি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বর্তমানে প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ বিদেশে বসবাস করছেন এবং বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। এতদিন বিদেশে থাকা নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে।
পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশেও যাতে পোস্টাল ভোট কাভার করা যায়, সেটাও করেছি। কোনো নাগরিক যাতে ভোটাধিকার বঞ্চিত না হয়, সে ব্যাপারেও এটা কাজ করবে।