বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে উলিপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নজরুল ইসলাম।
মামলার আরজি থেকে জানা যায়, বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম উলিপুর পৌরসভার বাকরের হাটবাজার কৃত্রিম প্রজনন পয়েন্টে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। গত ১৫ মে প্রাণিসম্পদ দপ্তরে একটি মতবিনিময় সভা হয়, যেখানে কৃত্রিম প্রজনন স্বেচ্ছাসেবী, কৃত্রিম প্রজননকর্মী ও পশুপালন খামারিরা উপস্থিত ছিলেন। সেই সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ২ ও ৩ নম্বর আসামির রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে বাদী মঞ্জুরুল ইসলাম ও তার দল বিএনপিকে তিরস্কার করেন।
বাদী মঞ্জুরুল ইসলাম ওই মন্তব্যের কারণ জানতে চাইলে, ১ নম্বর আসামি সবার সামনে তাকে এবং বিএনপিকে কটাক্ষ করতে থাকেন। এ সময় রেজওয়ানুল হক জিয়াউর রহমান সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন। সরকারি কর্মচারী হয়েও তিনি প্রকাশ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়ার মানহানিকর কথা বলেছেন, যা বাদীর মতে, ১০ কোটি টাকাতেও পূরণ করা সম্ভব নয়। এর ভিত্তিতে বাদী মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান দুলু বলেছেন, ‘আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। যেহেতু আদালত মামলাটি সরাসরি আমলে নেননি, তাই অভিযোগের সত্যতা থাকতে পারে বা নাও থাকতে পারে। মামলাটি বিচারাধীন হওয়ায় এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’