দেশে প্রথমবারের মতো একজনের শরীরে এইচএমপিভি (মানুষের মেটাপনিউমোভাইরাস) শনাক্ত হয়েছে। চীনে ছড়িয়ে পড়া এই ভাইরাসটি এবার বাংলাদেশেও ধরা পড়ল। রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে বর্তমানে ভাইরাসে আক্রান্ত এক নারী চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এই তথ্য নিশ্চিত করেছে। চিকিৎসকদের মতে, আক্রান্ত নারীর শরীরে অন্যান্য জটিলতা থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।
জানা গেছে, করোনা মহামারির পাঁচ বছর পর চীনের বিভিন্ন এলাকায় এই ভাইরাসটি ছড়াতে শুরু করে। এর প্রধান লক্ষণ হলো শ্বাসতন্ত্রের জটিলতা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি নিয়ে বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
এ বিষয়ে ভাইরোলজিস্ট ডা. জিলানী জানিয়েছেন, এটি নতুন কোনো ভাইরাস নয়। তবে যাদের শরীরে অন্যান্য জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি কিছুটা বেশি হতে পারে। তিনি বলেন, “করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাসের সংক্রমণ সহজেই এড়ানো সম্ভব।”
কিছু বিশেষজ্ঞের মতে, দেশে আগে থেকেই এইচএমপিভি ভাইরাসের অস্তিত্ব ছিল। এটি শিশু এবং বয়স্কদের শরীরে বেশি প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।