‘প্রয়োজনে নার্সদের ডাকলেও আসতে চান না, তেলাপোকার ভয়ে’
ইসময় ডেস্ক
eshomoy.com || 2025-06-17
ফাইল ছবি |ইসময়|
ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলছে ভয়াবহ তেলাপোকা ও ছারপোকার দৌরাত্ম্য। রোগীরা বলছেন, রাতে ঘুমাতে গেলেই পোকার কামড়— এমনকি নার্সদের পর্যন্ত ডাকা গেলেও অনেকে আসতে চান না পোকার ভয়ে। প্রায় ২০ লাখ মানুষের একমাত্র নির্ভরযোগ্য সরকারি এই হাসপাতালটি এখন রোগ নিরাময়ের জায়গা নয়, বরং রোগ বিস্তারের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধারণক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। শিশুবিভাগ, গাইনি ও পুরুষ মেডিসিন ওয়ার্ড— প্রতিটি বেডের নিচে, দেয়ালের টাইলসের ফাঁকে ও মেঝেতে দেখা গেছে তেলাপোকার আস্তানা। পোকাগুলো রোগী ও তাদের স্বজনদের কামড় দিচ্ছে, খাবারে ঢুকে পড়ছে— বিশেষ করে রাতে পরিস্থিতি ভয়াবহ।
রোগীরা অভিযোগ করছেন, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। বোরহানউদ্দিন উপজেলার বৃদ্ধ আব্দুল মতিন বলেন, “এখানে পোকা-মাকড়ের যন্ত্রণায় সোজা হয়ে শুতে পারি না। সুস্থ হতে এসে আরও অসুস্থ হয়ে যাচ্ছি।” আরেক রোগী জান্নাত বেগম বলেন, “স্বামীর ব্লাড ক্যান্সার। তেলাপোকার ভয়ে নার্সরাও ঠিকমতো আসতে চায় না।”
অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান বলেন, “তেলাপোকা নির্মূলের কাজ শুরু হয়েছে। স্প্রে প্রয়োগে অনেকটা কমেছে। আমরা ওয়ার্ডভিত্তিকভাবে একটি রুম খালি করে ওষুধ দিচ্ছি। পুরোপুরি সমাধানে ২ সপ্তাহ সময় লাগবে।”
জেএইচ/ইডি