দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল–রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে।
প্রস্তাবিত রুটে মহাসড়ক নির্মাণের পাশাপাশি বিদ্যমান সড়ক প্রশস্ত করা এবং তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পটির সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।
সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টদের মতে, এই রুট বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি দ্বীপজেলাটির অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।