এবার শীতে তেমন তীব্রতা না থাকায় আবহাওয়াগত কারণে নির্ধারিত সময়ের আগেই বরগুনার আমতলী উপজেলায় আম গাছে দেখা মিলতে শুরু করেছে আগাম মুকুলের। আর কয়েকদিন পরেই প্রতিটি আমগাছে মুকুলে ভরে যাবে। আগাম মুকুল আসায় বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি গন্ধ। মুকুলের মৌ মৌ মিষ্টি গন্ধই জানান দিচ্ছে মধুমাস সমাগত। তবে ঘনকুয়াশা হলে এই সকল আগাম মুকুলের ক্ষতি হবে বলে জানান কৃষি বিভাগ।
এবছর শীতের তীব্রতা কম থাকায় এবং অন্য মৌসুমের চেয়ে এবার তাপমাত্রা কিছুটা বেশি থাকায় সময় না হলেও কিছু কিছু গাছে আগাম মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার গাছগুলোতে মুকুলের সমারোহ ঘটার সম্ভাবনা রয়েছে। তবে আরো কিছু দিন পরে বাগানে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে বলে জানান তারা।
আমতলী কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই উপজেলায় ১ হাজার ১ শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম হয় আমতলী উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম জানান, প্রায় একমাস আগেই উপজেলার কিছু কিছু গাছে আগাম মুকুল এসেছে। আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের আগাম মুকুল আসতে শুরু করেছে। ঘনকুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে আগাম মুকুলের ক্ষতি হবে। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকুলে থাকলে জানুয়ারির মাঝামাঝি সময়ে সব গাছে মুকুল দেখা যাবে বলে জানান এই কর্মকর্তা।