আগামীকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেশ যাত্রার প্রেক্ষাপটে আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বিশিষ্ট লেখক ও শিক্ষক আসিফ নজরুল নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
তিনি লেখেন, “চিকিৎসার জন্য গত নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার সম্ভাবনা ছিল। সেই সময়ে আমি সৌজন্যমূলক সাক্ষাতে তার বাসভবনে যাই। একান্তে কিছুক্ষণ আলাপ হয়।
কথোপকথনের সময় বেগম জিয়া গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য শুভকামনা জানান। তিনি জানান, সবসময়ই দেশের খোঁজ-খবর রাখেন।
আমি তার স্বাস্থ্য এবং শেখ হাসিনার শাসনামলের দুঃসহ অভিজ্ঞতা নিয়ে জানতে চাই। লক্ষ করলাম, তিনি একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করছেন না। শেষে সরাসরি জিজ্ঞেস করলাম, ‘আপনার ওপর এতোকিছু হয়েছে, শেখ হাসিনার উপর রাগ লাগে না আপনার?’
বেগম জিয়া কিছুক্ষণ নীরব থাকেন। তারপর ম্লান হাসি দিয়ে বলেন, ‘রাগ করে কি করবো বলেন! আল্লাহর কাছে বলি।’
আমি বিস্মিত হয়ে যাই। পনেরো বছর ধরে শেখ হাসিনা তার বিরুদ্ধে কীভাবে মিথ্যাচার, অপমান আর নির্মম নির্যাতন করেছেন! শুধু তিনি নন, তার দলের হাজার হাজার নেতা-কর্মীও একই নির্যাতনের শিকার। তবুও শেখ হাসিনার বিরুদ্ধে একটি খারাপ শব্দও উচ্চারণ করেননি তিনি।
আগামীকাল বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। বাংলাদেশের গণতন্ত্র ও অগ্রগতির পথে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”