নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি পেয়েছে ১৩ হাজার ৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীকে পেয়েছে ১ হাজার ২২ ভোট। সে হিসাবে ১২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন খোরশেদ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার পরাজিত হলেও তার আপন ছোট ভাই যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছে।
১৬ জানুয়ারি (রোবাবার) রাতে রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার এই ফলাফল নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে সিটি করপোরেশনের এই ওয়ার্ডে কাউন্সিলর পদে টানা দুইবার বিজয়ী হয়েছেন মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালে প্রথম নির্বাচনে এবং পরবর্তীতে ২০১৮ সালে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এর আগে নারায়ণগঞ্জ পৌরসভা থাকাকালীন ২০০৩ সালের নির্বাচনেও তিনি কমিশনার পদে বিজয়ী হয়েছিলেন। এ নিয়ে এই ওয়ার্ডে টানা চতুর্থবারের মতো বিজয় অর্জন করেছেন খোরশেদ।