আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে জাতির কাছে নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
তিনি বলেন, ‘তারা তো দেশের নাগরিক। যদিও তারা অনুশোচনা করেনি, এখন পর্যন্ত প্রায়শ্চিত্ত করেনি, অনুতপ্ত হয়নি। কিন্তু তার পরেও তাদের বাদ দিয়ে তো নির্বাচন হতে পারে না।
সেই বিষয়ে নির্বাচন কমিশন সুস্পষ্ট অবস্থান জাতির কাছে পরিষ্কার করবেন, আন্তর্জাতিক সমাজের কাছে পরিষ্কার করবেন।’
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
হাসান হাফিজ বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে পৌঁছাবেন। পুলসিরাতের মধ্যে আপনারা আছেন।
আমরা চাইব, আপনারা সেই রকম দৃঢ়তার পরিচয় দেবেন। দেশপ্রেমের পরিচয় দেবেন, অঙ্গীকারের পরিচয় দেবেন। আমাদের দেশের যে ইতিহাস, সেটা খুবই মর্মান্তিক। আর আগের অতীতে নির্বাচনগুলো যারা পরিচালনা করেছেন তারা এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন।
আপনাদের সামনেও কিন্তু সেই আশঙ্কাটা আছে।’
তিনি বলেন, ‘এ রকম সুযোগ আমরা পাইনি, যে রকম ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে। তাদের রক্তের সঙ্গে আমরা যেন বেঈমানি না করি। সেটা আপনাদের কাছ থেকে আমরা আশা করব। আপনারা ব্যক্তি মানুষ নন।
আমরা দর্পণ, আপনারা হচ্ছেন অক্সিজেন। আপনাদের ছাড়া দেশের স্থিতি আসবে না। গণতান্ত্রিক অভিযাত্রাটা সফল হবে না। গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার লালন, বিকাশ কিছুই হবে না।’
ভবিষ্যতে ভয়ংকর স্বৈরাচার কাঁধে চেপে বসতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা সুযোগ পেয়েছি একটা দেশকে নতুন করে গড়ার। এটা হয়তো ৫০ বছর, ১০০ বছরে আসবে না। হয়তো ভবিষ্যতে এর চেয়েও ভয়ংকর স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সুতরাং এখনই সময় সেই রকম দৃঢ়তার পরিচয় দেওয়া। আমরা আপনাদের কাছে সেটা আশা করব।’