আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই লন্ডন থেকে দেশে ফেরার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি ফেরার আগেই নতুন কমিটির দাবি তুলেছেন যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মী।
যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটি গঠিত হয় ২০১৯ সালে। পাঁচ বছর ধরে সেখানে একই নেতৃত্বে চলছে দলীয় কার্যক্রম। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সেক্রেটারি কয়ছর এম আহমেদ দেশের রাজনীতিতে সংক্রিয়। এই অব্স্থায় যুক্তরাজ্যে নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির একাংশ।
একটি সূত্র জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সেখানে নতুন কমিটি আসতে পারে। এক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এরইমধ্যে সভাপতি হিসেবে যাদের নাম দলীয় ফোরাম অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আকতার হোসেন টুটুল, প্রফেসার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আকতার হোসেন ও তাজুল ইসলাম। সেক্রেটারি হিসেবে আলোচনায় আছেন পারভেজ মল্লিক, খসরুজামান খসরু, ড. মুজিবুর রহমান মুজিব, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ ও নাসিম আহমদ।
এ
বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সময় সংবাদকে বলেন, আমি এলাকায় মানুষের সেবার জন্য এসেছি। আমাদের সেক্রেটারিও দেশে। তবে আমার কিছু দায়-দায়িত্ব আছে। আমি ৬৫টা ইউনিট, যেটাকে থানা শাখা বলা হয়, তাদের মেম্বরশিপ জমা নিয়েছি। প্রত্যেকটা ইউনিট থেকে দুইশো মেম্বরের তালিকা জমা দিয়েছে। তাদেরকে সুপার ফাইভ কমিটি দেয়ার কথা আমার।
তিনি জানান, দল থেকে অনুমতি দিলে যুক্তরাজ্যের ইউনিটগুলোর কমিটিগুলো আগে দিতে হবে। তারা যখন কমিটি পেয়ে যাবে তখন ভোটের মাধ্যমে নিজেদের সভাপতি এবং সেক্রেটারি নির্বাচন করতে পারবে।
তিনি বলেন, আমি যেহেতু বাংলাদেশে নির্বাচন করবো, তাই ওই জায়গাটা আমি ছেড়ে দেবো। কারণ, আমি দেশে থাকবো। তবে দেশে থাকলো তাদের প্রতিনিধি হিসেবে কাজ করবো।