কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলের পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
২১ মার্চ (সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার ও বশীগ্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষের ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর গ্রুপের সঙ্গে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন মিঞা গ্রুপের বিরোধ চলে আসছে। এ অবস্থায় গত রোববার পান্টির ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সুমন মিঞা গ্রুপ প্যানেল বিজয়ী হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল।
এর জের ধরে নির্বাচনে বিজয়ী গোলাম নবী সোমবার সকালে সান্দিয়ারা বাজারে প্রতিপক্ষের ডাঁসা এলাকার নেতৃত্বদানকারী ব্যবসায়ী মামুনের বাবা মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম দুলালকে কটূক্তি করে। এ সময় মামুনের সমর্থকরা গোলাম নবীকে পিটিয়ে আহত করে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উভয়পক্ষের মধ্যে সান্দিয়ারা বাজার ও বশীগ্রাম ব্রিজ এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত রাম দা, ঢাল, সুরকি, লাঠিসোটা, ইট পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। বেশকিছু ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘স্কুল নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সমর্থকরা আহত হয়েছেন। তবে আহতের সংখ্যা এখনো জানা যায়নি।’
তিনি আরও বলেন, ‘এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাববাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’