গণ-অধিকার পরিষদ নেতা রাশেদ খান বিএনপিতে যোগ দিচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
রাশেদ খান জানান, সামাজিক মাধ্যমে তার বিএনপিতে যোগদানের বিষয়ে অনেক তথ্য ছড়িয়ে পড়ছে, যা তাকে বিব্রত করছে। তিনি স্পষ্ট করে বলেন, সামাজিক মাধ্যমে অনেক তথ্য ছড়িয়ে পড়ছে, আমি বিব্রত। আমি বিএনপিতে যোগ দিচ্ছি না।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রাশেদ খান বলেন, বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলো তাদের দলীয় প্রার্থিতা প্রকাশ করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশাবাদী প্রার্থী মনোনয়নে বিএনপি যে সিদ্ধান্ত নেবে তাতে শরিকরা সন্তুষ্ট হবে।
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ তুলে এই নেতা আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন বানচালের চেষ্টা আওয়ামী লীগ ও ভারত করছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর চাপে কমিশন তফসিল ঘোষণা করেছে। ফলে আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্ত ভেস্তে গেছে।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণ-অধিকার পরিষদে যোগ দিচ্ছেন–এমন গুঞ্জনের বিষয়ে প্রশন্ন করা হলে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদের গণ-অধিকার পরিষদে যোগ দেয়ার বিষয়ে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় প্রয়োজন এবং এটি তার (আসিফ মাহমুদ) ব্যক্তিগত সিদ্ধান্ত।