আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। তিনি আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলামের (তালা মার্কা) প্রচারণায় অংশ নিয়ে শুক্রবার (৫ নভেম্বর) দিনভর। সুষ্ঠু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চান তিনি। জনগণ যেন হাসি-খুশিভাবে ভোট দিতে পারে।তার ভাষ্য, 'ছোট পর্যায়ের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তবে বড় পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবে না। আমি চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে জনগণের আস্থা আসবে যেন আমরা সামনে নির্বাচন করতে পারি।'
মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলাম প্রসঙ্গে হিরো আলম বলেন, 'যারা মাটি ও মানুষের কথা বলে আমি সবসময় তাদের সঙ্গে থাকি। আমি খবর নিয়েছি, শাহিন ইসলাম ভালো লোক। আমি খোঁজখবর না নিয়ে কোথাও যাই না। জনগণ আছে বলেই আমরা হিরো। জনগণ না থাকলে আমরা জিরো। তারা যখন আমাদের কাছে পায় তাদের মনটা ভরে যায়। যখন ভক্তদের কাছে পাই তখন আমাদের মনটাও ভরে যায়।'
আগামী ১১ নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। আপিলেও তার প্রার্থিতা না টিকলে উচ্চ আদালতে যান। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলমকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।