পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী-লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একে.এম.এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী।
বুধবার (২২ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের সখিপুরে বিভিন্ন উন্নয়নমূ্লক কর্মকান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন- উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
তিনি বিএনপি'র উদ্দেশ্যে বলেন, জনগণ এখন সচেতন, তাই বোমা মেরে ভয় দেখিয়ে তাদের সমর্থন আদায় করা যাবে না। তাই আসুন দেশের সংবিধান সমুন্নত রেখে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন।
কারণ, এদেশে ক্ষমতার পরিবর্তন করতে পারে একমাত্র জনগণ। জনগণ যাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে। দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিএনপিকে জনগন পরিত্যাগ করেছে। তাই সময় থাকতে বিএনপির উচিত বিদেশ নির্ভরতা ত্যাগ করে জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করা।
এনামুল হক শামীম বলেন, নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। একে একে অনেক রাজনৈতিক দলই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। সুতরাং, বিএনপির উচিত জন সমর্থনহীন কর্মসূচি পরিহার করে জনগণের কাছে যাওয়া। বিদেশীদের কাছে ধরনা দিয়ে লাভ নেই। জনগণই সকল ক্ষমতার মালিক।
পরে উপমন্ত্রী তাঁর চাচা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন পাইকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। এছাড়াও মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করেন তিনি।
আরও পড়ুন- শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজনের কাজে ব্যপক অনিয়ম
এসময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম আহসান হাবীব, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, ইউএনও আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইসময়/এসআই/এমআরএম