আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলের সঙ্গে মতবিনিময় সভায় বলেন- সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য, এটা দল বা সরকারের নয়। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন- যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । ওবায়দুল কাদের আরো বলেন- খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে। অপকৌশলের আশ্রয় নিচ্ছে। মিথ্যাচার করছে সরকারের বিরুদ্ধে। দিবাস্বপ্ন দেখছে তারা ক্ষমতা দখলের। আবোলতাবোল বক্তব্য দিচ্ছেন তারা হতাশা থেকেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছেন। প্রশ্ন আছে খালেদা জিয়া না থাকলে বিএনপিই থাকবে কিনা। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ, আওয়ামী লীগ কেন থাকবে না, প্রশ্ন বিএনপির প্রতি। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন। বিএনপির বর্ণচোরা গণতন্ত্রে আর ফিরে যাবে না দেশ। বিএনপি জাতির পিতার খুনিদের আশ্রয়দাতা, পথভ্রান্ত রাজনৈতিক দল।
ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, খালেদা জিয়ার আশপাশে বিএনপির লোকজন থাকেন, সেখানে আওয়ামী লীগের লোকজন কীভাবে স্লো পয়জনিং দেয়। বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এবারের ১৬ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। ১৮ তারিখ বিজয় শোভাযাত্রা করা হবে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের বিরুদ্ধে। জায়মা রহমানের ব্যাপারে এ ধরনের মন্তব্য করেন তিনি গত ১ ডিসেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ ভিডিওতে।