ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে দেখা যাবে তাকে। ছবিটির শুটিং আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হতে পারে।
নতুন এই কাজ নিয়ে মধুমিতা বলেন, বাংলাদেশে তার অসংখ্য দর্শক রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই এ দেশের একটি সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল। অবশেষে সেই সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। শুটিংয়ের মাধ্যমে বাংলাদেশে এসে দর্শকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন বলেও জানান অভিনেত্রী।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া মধুমিতা পরবর্তীতে সিনেমা ও ওয়েব কনটেন্টেও নিয়মিত কাজ করেছেন। এবার বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেক দুই বাংলার দর্শকদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে।