সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু করলেও মিলছে না ক্রেতাদের স্বস্তি। অনেকেই কার্ড পেয়েও পণ্য পাননি, অনেকের আবার কার্ড নিতে গিয়ে করতে হয়েছে আর্থিক লেনদেন।
(২০ মার্চ) রোববার সকাল থেকেই ট্রাকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। কোথাও কোথাও সময়মতো টিসিবির ট্রাক না পৌঁছানোয় ক্ষোভ জানান অনেকেই। সরকারের দেওয়া ফ্যামিলি কার্ড হাতে নিয়েও প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে মানুষকে পণ্য কিনতে হয়েছে।
এছাড়াও দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের অনেকে কার্ডই পাননি। তাদের কেউ কেউ তবু পণ্যের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পণ্য দেওয়া হয়নি।
রাজশাহী, নারায়ণগঞ্জ, বরিশাল, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন জেলায় কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা যায়, কোথাও বিক্রি শুরু করতে দেরি হয়েছে, কোথাও ভিড় বেশি ছিল, তাই কেউ কেউ পণ্য পাননি। কোথাও কার্ড হাতে নিয়ে মানুষকে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে দৌড়াতে হয়েছে।
অনেকেই অভিযোগ করেছেন, কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা তাদের অনুসারী ও পছন্দের লোকদের কার্ড দিয়েছেন। এ ছাড়া টিসিবি এত দিন যে পণ্য বিক্রি করেছে, সেখানে সবার জন্য লাইনে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু এখন রাজধানী ছাড়া অন্য জেলায় শুধু কার্ডধারীদের পণ্য দেওয়া হচ্ছে। এতে করে বাকিরা ন্যায্যমূল্যে পণ্যক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।
দেশে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। এই কার্ড দিয়ে একটি পরিবার দুই দফা ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল ও ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবে। প্রথম ধাপের কার্যক্রম চলবে ৩১ মার্চ পর্যন্ত। আগামী ৩ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ধাপের বিক্রি কার্যক্রম।