যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা গত শনিবার ফিলিস্তিনি
ভেবে দুই ব্যক্তিকে গুলি করেন। পরে জানা যায়, যে দুজনকে গুলি করা হয়েছে, তাঁরা আসলে
ইসরায়েলি পর্যটক। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে।
ফ্লোরিডার এই বাসিন্দার নাম মর্দেচাই ব্রাফম্যান। বয়স ২৭ বছর।
তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার ব্রাফম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
মিয়ামি বিচ পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন ব্রাফম্যান।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ব্রাফম্যান বলেন, তিনি মিয়ামি সৈকত দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে তিনি দুই ব্যক্তিকে দেখতে পান। তাঁর মনে হয়েছিল, ওই দুজন ফিলিস্তিনি। তিনি ট্রাক থামিয়ে নেমে আসেন। হত্যার উদ্দেশ্যে ওই দুই ব্যক্তিকে তিনি গুলি করেন। তবে তাঁরা প্রাণে বেঁচে যান।
ব্রাফম্যানের ছোড়া গুলি এক ব্যক্তির কাঁধে লাগে। অন্য ব্যক্তির লাগে হাতে। পুলিশ বলেছে, পরে দেখা গেছে, ভুক্তভোগী দুই ব্যক্তি আসলে ইসরায়েলি পর্যটক, তাঁরা ফিলিস্তিনি নন।
ব্রাফম্যানের পক্ষের কোনো আইনজীবী বা প্রতিনিধিকে তাৎক্ষণিকভাবে খুঁজে পায়নি বার্তা সংস্থা রয়টার্স।
মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ, ফিলিস্তিনিবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে।