জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যসহ বেশ কয়েকটি দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্ক। সোমবার (২২ সেপ্টেম্বর) এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এরদোগান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া দেশগুলোকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নকে ত্বরান্বিত করবে।
বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা অব্যাহত রয়েছে এবং কোনো বিবেকবান মানুষ এসব দেখে চুপ থাকতে পারে না। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের সমস্যা আজ কীভাবে সত্যিকার অর্থে একটি বিশ্বব্যাপী সমস্যা হয়ে উঠেছে।
এরদোগান পুনর্ব্যক্ত করেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা, মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করা এবং ইসরাইলের সৈন্য প্রত্যাহার করা এখনই জরুরি।
তিনি পশ্চিম তীরে ইসরাইলের সম্প্রসারিত বসতি স্থাপন এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানান।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের লক্ষ্য হলো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব করে তোলা এবং যতটা সম্ভব জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা।
বলেন, ইসরাইলের ক্রমবর্ধমান দখলদারিত্ব ও সংযুক্তি নীতির স্পষ্ট লক্ষ্য হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দৃষ্টিভঙ্গিকে হত্যা করা এবং ফিলিস্তিনিদের নির্বাসিত করা। এটি কখনই অনুমোদিত হতে পারে না বলে জোর দেন এরদোগান।
সূত্র: আনাদোলু