ভারতের প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক জানিয়েছেন, ‘বাংলাদেশে খুব শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার শুরু হতে যাচ্ছে।’ গত সোমবার (১৯ আগস্ট) তার ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই কথা বলেন।
একজন দর্শক তাকে জিজ্ঞাসা করেন, ‘নতুন বাংলাদেশের পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন?’ জবাবে জাকির নায়েক জানান, পিস টিভির বাংলা, ইংরেজি, উর্দু এবং চাইনিজ ভাষার সম্প্রচার স্যাটেলাইটের মাধ্যমে এখনো চালু আছে। তবে বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ার কারণে ক্যাবল অপারেটররা সম্প্রচার বন্ধ রেখেছে।
তিনি আরও বলেন, স্যাটেলাইটে সম্প্রচার চালু থাকলেও বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ রয়েছে, এবং তা পুনরায় চালু করার প্রক্রিয়া চলমান। এর জন্য আবেদন করা হয়েছে, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুমতি পেলে কয়েক দিনের মধ্যেই পিস টিভি বাংলা আবার সম্প্রচারিত হবে।
জানা গেছে, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার হোলি আর্টিজান হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশে পিস টিভি বন্ধ করা হয়। সেই ঘটনার পর দিল্লিতেও জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
বর্তমানে জাকির নায়েক ৭ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় নির্বাসিত আছেন, যেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।