মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় বাংলাদেশিদের অবস্থান ওপরের দিকেই রয়েছে। দেশটির ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএম২এইচ) কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান পঞ্চম। চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের পরই আছেন বাংলাদেশিরা।
চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়েছেন ৩ হাজার ৬০৪ জন বাংলাদেশি। মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি টিয়ং কিং সিং সম্প্রতি দেশটির সংসদে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম মালয় মেইল।
সংসদে দেওয়া লিখিত বক্তব্যে মন্ত্রী দাতুক সেরি টিয়ং জানান, ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় ‘সেকেন্ড হোম’ পাসধারী ছিলেন ৫৬ হাজার ৬৬ জন। তাঁদের মধ্যে যেমন অংশগ্রহণকারী বা পার্টিসিপেন্ট পাসধারী আছেন, তেমনি নির্ভরশীল পাসধারীও রয়েছেন।
মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে, মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ায় সবার শীর্ষে আছেন চীনা নাগরিকেরা; এই সংখ্যা ২৪ হাজার ৭৬৫ জন। এরপর আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও বাংলাদেশের নাগরিকেরা। অস্ট্রেলিয়া থেকে ৯ হাজার ২৬৫ জন, দক্ষিণ কোরিয়া থেকে ৪ হাজার ৯৪০ জন এবং জাপান থেকে ৪ হাজার ৭৩৩ জন এমএম২এইচ কর্মসূচিতে অংশ নিয়েছেন। যুক্তরাজ্যের আছেন ২ হাজার ২৩৪ জন। এ ছাড়া তাইওয়ান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ভারতের সহস্রাধিক এমএম২এইচ পাসধারী আছেন এই কর্মসূচিতে।
সংবাদে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মালয়েশিয়া সরকার সেকেন্ড হোম কর্মসূচি পুনর্গঠন করে। তখন এটিকে তিন স্তরে বিভক্ত করা হয়। নতুন ব্যবস্থার আওতায় আবেদনকারীদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। তখন বলা হয়েছিল, এমএম২এইচ কর্মসূচিতে পরীক্ষামূলকভাবে এক বছর থাকতে হবে এবং পরবর্তী সময়ে পরিস্থিতির ওপর ভিত্তি করে এই কর্মসূচিতে সমন্বয় আনা হবে।