নতুন সূর্যের প্রথম আভা গায়ে মেখে বাংলা সনের প্রথম দিনে বৈচিত্র্যময় আবহে জেগে উঠেছে বাংলাদেশ। বাঙালির প্রাণের উৎসব ছড়িয়েছে দেশের সব জায়গা জুড়ে। উৎসবের রঙে নিজেদের রাঙিয়েছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও।
শোভাযাত্রা, লোকজ সংস্কৃতি, গান, নাচ, আবৃত্তি—কী ছিল না এসব আয়োজনে! গ্রামগঞ্জে বসেছে বৈশাখের ঐতিহ্যবাহী মেলা। তাতে দল বেঁধে যাচ্ছেন নারী, পুরুষ, শিশুরা। হারিয়ে যাওয়া গ্রামীণ লাঠিখেলা ও হাডুডু দেখতেও ভিড় কম নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজন করা হচ্ছে নানা অনুষ্ঠানের। জেলা ও উপজেলা শহরগুলোতে নতুন বছরকে বরণ করতে ছিল নানা আয়োজন।
বৈশাখের আয়োজনে আসা এই মানুষেরা বলছেন, গত বছর (১৪৩১ সন) বাংলাদেশের মানুষ অনেক ধরনের পরিবর্তন দেখেছেন। নতুন বছর ১৪৩২–এ এসে একটি চমৎকার সুন্দর বাংলাদেশ দেখতে চান তাঁরা। যেখানে সব ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ দলমত–নির্বিশেষে আনন্দে থাকবেন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। ‘‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” প্রতিপাদ্য নিয়ে আজ (সোমবার) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” বের করা হয়। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহিদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শোভাযাত্রায় নেতৃত্ব দেন।