বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিবাহসংক্রান্ত জালিয়াতি প্রতিরোধে বিয়ে ও তালাক নিবন্ধনব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়নসংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নে আইন ও বিচার বিভাগ এবং ব্র্যাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।
আইনমন্ত্রী বলেন, নতুন ডিজিটাল ব্যবস্থায় বিভিন্ন সার্ভারের সঙ্গে তথ্য সংযুক্ত করা হলে প্রয়োজনীয় বৈবাহিক তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। এর মাধ্যমে বাল্যবিবাহ, বহুবিবাহ ও বিভিন্ন ধরনের তথ্য জালিয়াতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।