হিজড়া সেজে ২৮ বছর ভারতে আত্মগোপন, ধরা পড়লেন বাংলাদেশের আবদুল কালাম
ভারতে ২৮ বছর ধরে ‘নেহা কিন্নর’ নামে হিজড়া রূপে আত্মগোপনে ছিলেন বাংলাদেশের নাগরিক আবদুল কালাম। সম্প্রতি উত্তরপ্রদেশের গোরখপুর শহরে তাঁর প্রকৃত পরিচয় প্রকাশ পায়। পুলিশের হাতে ধরা পড়ার পর জানা যায়, তাঁর আসল নাম আবদুল কালাম, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
জানা গেছে, ১৯৯৬ সালে ভারতে পাড়ি জমানোর পর কালাম নিজের নাম পাল্টে ‘নেহা কিন্নর’ নামে পরিচয় দেন এবং হিজড়া সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে সমাজে মিশে যান। তিনি হিজড়া সেজে বিভিন্ন পূজার অনুষ্ঠান, সামাজিক উৎসব এবং রেলস্টেশনে চাঁদা তুলতেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
তবে সম্প্রতি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের প্রকৃত পরিচয় স্বীকার করেন। ভারতীয় প্রশাসনের ধারণা, অবৈধ অনুপ্রবেশের অভিযোগেই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে—দীর্ঘ প্রায় তিন দশক ধরে কিভাবে একজন বিদেশি নাগরিক এইভাবে গোপনে অবস্থান করে যেতে পারলেন।