হিলি স্থলবন্দরে আমদানি বন্ধের সুযোগে কাঁচা মরিচের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। কয়েকদিন আগেও যেখানে কেজিপ্রতি দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা, সেখানে এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে ভোক্তারা পড়েছেন বিপাকে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে মরিচের দাম দাঁড়িয়েছে কেজিতে ২৬০ টাকা এবং খুচরায় ২৮০ টাকা। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ সংকটই দাম বৃদ্ধির মূল কারণ।
কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা সদয় কুমার বলেন, “গত সপ্তাহে ১৩০ টাকায় মরিচ কিনেছি। আজ এসে দেখি ২৮০ টাকা কেজি। এত দাম দিয়ে কেনা সম্ভব হচ্ছে না। প্রশাসনের উচিত বাজারে নজরদারি বাড়ানো।”
অন্যদিকে ব্যবসায়ী ফারুক জানান, “বন্দরে আমদানি বন্ধ আর দেশে বৃষ্টির কারণে উৎপাদন কম হওয়ায় সরবরাহে টান পড়েছে। ফলে আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”
এ
বিষয়ে হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারকরা বলেন, দুর্গাপূজা উপলক্ষে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে আজ বন্দর চালু হবে ফলে নতুন করে মরিচ আমদানি শুরু হবে, এতে দামও কমে আসবে বলে আশা করা হচ্ছে।