নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসায় দশ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মো. সাইফুল ইসলামকে (২৭) গণপিটুনি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে মাদ্রাসাশিক্ষক মো. সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। পরে ওই ছাত্র ঘটনাটি মাদ্রাসার প্রিন্সিপালকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এবং শিশুটিকে চুপ থাকতেও ভয়ভীতি দেখান।
স্থানীয়রা জানান, বুধবার (৮ অক্টোবর) রাতে ঘটনাটি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে তারা ক্ষিপ্ত হয়ে শিক্ষক সাইফুল ইসলাম ও প্রিন্সিপালকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত করে আমরা সত্যতা পেয়েছি। ভুক্তভোগী ছাত্রের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আজ আদালতে পাঠানো হবে।’