১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের পক্ষ থেকে এবার ১ টাকা কেজি গরুর গোশত বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। তবে যাদের টোকেন দেওয়া হবে শুধু তারাই এই দামে গরুর গোশত পাবেন বলে জানানো হয়।
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ৩টায় গরিব অসহায় মানুষদের মধ্যে মাত্র ১ টাকা কেজি এ গরুর গোশত বিক্রি করা হবে। এ তথ্যের সততা নিশ্চিত করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুফতি রায়হান জামিল।
১ টাকায় গোশত বিক্রির বিষয়ে জানতে চাইলে রায়হান জামিল সাংবাদিকদের বলেন, “আমি আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুরের ভাঙ্গায় ১ টাকায় গরুর গোশত বিতরণ করবো। যাদের দেওয়া হবে তাদের তালিকা তৈরি করে টোকেন প্রদান করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বিতরণের স্থান গোপন রাখা হবে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ১০০ কেজি গোশত দেওয়া হবে।
”তিনি বলেন,“আগের মতো বিশৃঙ্খলা এবার হতে দেব না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় কাজ করবো। ভালো কাজের পথে বাঁধা আসতে পারে, তবে তা থামানো যাবে না। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। ইন শা আল্লাহ।"
এবিষয়ে রায়হান জামিল আরও বলেন, "আলহামদুলিল্লাহ, বহু আগে থেকেই আমি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় দশ টাকায় ইলিশ মাছ বিক্রি, দুই টাকা কেজি চাল বিক্রি, দশ টাকা হালি ডিম বিক্রি, ভিক্ষুকদের কর্মসংস্থান, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রি সেলাই প্রশিক্ষণ, গর্ভবতী মায়েদের জন্য ফ্রি গাড়ি সেবাসহ অসংখ্য উদ্যোগের মাধ্যমে সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য কখনোই ভোট বা ভাইরাল হওয়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গরিব মানুষের মুখে হাসি ফোটানো। ইনশাআল্লাহ, এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সারাজীবন এভাবে সেবা করার তৌফিক দান করেন।"
উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন মুফতি রায়হান জামিল। তবে ইলিশের চেয়ে মানুষ বেশি হওয়ায় সস্তায় মাছ নিতে আসা উপস্থিত জনতার মধ্যে শুরু হয় তুমুল হট্টগোল। একপর্যায়ে জনতার চাপে ইলিশ রেখে দ্রুত স্থান ত্যাগ করেন রায়হান জামিল। তখন এই খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পরলে দেশজুড়ে এক তোলপাড় সৃষ্টি হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজটি ভাইরাল হয়ে পরে।
অন্যদিকে ব্যতিক্রমধর্মী এ কর্মকান্ডের জন্য গরিব অসহায় সহ আলেমসমাজ মুফতি রায়হান জামিল এর প্রতি প্রশংসা করছেন, দুয়া করছেন বলে জানান স্থানীয়রা।