নামাজরত অবস্থায় এক ব্যক্তির ওষুধের দোকান থেকে টাকা চুরির ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দোকানদার আবু বকর নিজেই তাঁর ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এই চোরকে ধরিয়ে দিন।
ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায়।
ভিডিওতে দেখা যায়, এক ফার্মেসির দোকানে দোকানদার নামাজ আদায় করছেন।
দোকানে অন্য কোনো কর্মী বা ক্রেতা নেই। সামনের রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছেন, রিকশাও চলাচল করছে। এমন সময় কালো রঙের ক্যাপ পরা এক যুবক দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার পর ফিরে এসে দোকানের সামনে দাঁড়িয়ে পায়চারি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দোকানের ভেতরে মাথা ঢুকিয়ে কোথায় টাকা রাখা আছে তা লক্ষ করেন।
এরপর সিসি ক্যামেরা আছে কি না তা পর্যবেক্ষণ করে আবার বাইরে দাঁড়ান। কিছু সময় এদিক-সেদিক তাকিয়ে থেকে, দোকানদার সেজদায় যাওয়ার মুহূর্তে যুবকটি ভেতরে ঢুকে টাকাগুলো নিয়ে চলে যান।
ভিডিওর নিচে সৈকত আহমেদ রায়হান নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ছেলের নাম শুভ। ওর বড় ভাইয়ের নাম আক্তার।
কাজী দরগাহ মসজিদের পাশে ইনকিলাবের দোকানে গেলেই ওর বড় ভাইকে পাওয়া যাবে। ছবি দেখালে বাকিরাও চিনবে।
আবু বকর কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনাটি গতকাল ৯ নভেম্বরের। ওই সময় আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। আসরের সময় আমার বোন আমাকে ৬০ হাজার টাকা দিয়েছিল, ওটা আমার বোনের টাকা।
তিনি আরো জানান, গতরাতেই যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে।