বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
আয়াত, ডেস্ক রিপোর্ট
eshomoy.com || 2026-07-30
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
আনোয়ার ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় আলোচনার অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থানরত প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি। তিনি এ উদ্যোগকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
তবে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন কবে শুরু হবে বা কী সময়সীমার মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক বাস্তবায়ন পরিকল্পনাও এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।