মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বাজারে অনিশ্চয়তা বেড়েছে।
এর আগে মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৫ ডলারে এবং মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআইয়ের দাম ৫ দশমিক ২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২২ ডলারে দাঁড়ায়।
বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম আরও ১ দশমিক ০৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৮ ডলারে ওঠে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ৬১ সেন্ট বেড়ে ৯০ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও তেল সরবরাহের সম্ভাব্য ঝুঁকির ওপরই এখন আন্তর্জাতিক বাজারের গতিপথ অনেকটা নির্ভর করছে।