ফরিদপুরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের নিচে মোটরসাইকেল ঢুকে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকার চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর আনিসুর রহমান (২৮) ও বরিশালের সালাউদ্দিন হাওলাদার (৩০)। তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়। পরে বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে যান।