হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকায় প্রবেশের অভিযোগে দুটি মার্কিন নৌযান ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন বাহিনী পাঁচটি ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস করেছে। ওয়াশিংটনের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবেই ওই অভিযান চালানো হয়।
এরপর ইরান জর্ডানে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়ে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে এই পাল্টাপাল্টি পদক্ষেপে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে।