হিলি কাস্টমসে ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে বিভিন্ন সংস্থার জব্দ করা, বাজেয়াপ্ত, অখালাসকৃত ও মেয়াদোত্তীর্ণ প্রায় দেড় টন পণ্য ধ্বংস করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধ্বংস করা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, তামাকজাত পণ্য, প্রসাধনীসহ ব্যবহার অনুপযোগী সামগ্রী ছিল। দীর্ঘদিন শুল্ক গুদামে সংরক্ষিত থাকার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এসব পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়।
পণ্যগুলো রোলার ও এক্সকাভেটরের মাধ্যমে পিষে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী করা হয়। পরে নির্ধারিত স্থানে সেগুলো মাটিচাপা দেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই পণ্যগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
ধ্বংস কার্যক্রমে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, হিলি কাস্টমস, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।