সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ধর্ষণের অভিযোগে সৈয়দ সারোয়ার আহমদ লিপু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী (১৫) উক্ত লোকের বাসায় ৪ বছর যাবৎ কাজ করে আসছিলো। এই সুযোগে প্রায় ১ বছর যাবৎ সে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে।
বিগত রোববার (১৩ জুলাই) বিকালে ধর্ষক তাকে বাড়ির পাশে বাজারে রেখে যায়। ভুক্তভোগী বাড়িতে গিয়ে জানায় তার পেটে টিউমার হয়েছে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ডাক্তারি পরীক্ষায় জানা যায় সে ৭ মাসের অন্তঃসত্ত্বা।
পরিবারের লোকজন এ বিষয়ে জানতে চাইলে সে জানায়, ধর্ষক তাকে চাকু দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ায় সে কাউকে কিছু বলতে পারেনি।
আটককৃত ব্যক্তি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ফকিরটুল নিবাসী মৃত সৈয়দ কবির আহমদ এর পুত্র। ঘটনার সময় সে নগরীর টিলাগড়ে একটি বাসায় থাকতো।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সাজ্জাদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯/১ ধারা অনুসারে ৩০ জুলাই তারিখে এফআইআর নং ১৫ দায়ের করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।