হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর গরুর বাজারের ইজারা নিয়ে চলছে ধ্রুমজালের খেলা। ইজারা মূল্য বেশি হওয়ায় বিগত বছরের ন্যায় এ বছর ও হয় নি ইজারা। বাজারের কাঙ্ক্ষিত সরকারি মূল্য ৫০,৩৮,১৮০ টাকা যা ইজারাদারদের মতে অনেকাংশেই বেশি।
বাজারের সরকারি মূল্য বেশি থাকায় নিলামে অংশগ্রহণ করছেন না ইজারাদার। ফলে নির্দিষ্ট সময় শেষে খাসে পরিণত হচ্ছে হাটগুলো।
ইজারাদার নিলামে অংশ না নিলে হাটগুলো খাসে নেয়া ছাড়া কোনো উপায় নেই বলে দায় সাড়া উত্তর দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। বিষয়টি খতিয়ে দেখার দাবি সাধারণ ইজারাদারদের।
ঐতিহ্যবাহী মিরপুর গরুর বাজারের সরকারি ইজারা মূল্য বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করেন ইজারা গ্রহণে আগ্রহীরা।
পূর্বের দরগ্রহিতা মালেক মিয়া বলেন ৩ বছর আগে বাজারে গরু আসতো প্রায় চার/পাঁচ'শ আর এখন আসে মাত্র দু'শ। গরু কম আসে এমতাবস্থায় ৫০ লক্ষ টাকায় ইজারা নেওয়া হলে নিশ্চিত করে লোকসান গুনতে হবে ইজারদারদের। গরু কম আসার বিষয়ে তিনি বলেন, নবীগঞ্জ উপজেলার মেলা বাজার নামক স্থানে সব গরু চলে যায়।
মালেক মিয়া মনে করেন, সরকারের নির্ধারিত মূল্য কমিয়ে বর্তমান খাস কালেকশন রেট অনুযায়ী বাজারের দরপত্র আহ্বান করলে মিরপুরের ঐতিহ্যবাহী গরুর বাজার আবার সরকারের রাজস্বে ফিরে পাওয়া সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার মো. গিয়াস উদ্দিন জানান, বার বার দরপত্র আহ্বান করে ও সরকারের নির্ধারিত মূল্যে ইজারাদার না পাওয়ায় উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।