জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা শুরু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সকাল ১০:৩০ মিনিটে এনসিপির কেন্দ্রীয় নেতারা আবু সাঈদের গ্রামের বাড়িতে উপস্থিত হন। পরবর্তীতে তারা শহীদের কবর জিয়ারতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং শ্রদ্ধা জানান।
পরে নেতারা জানান, কবর জিয়ারতের পর তারা গাইবান্ধার পথে রওনা হন, যেখানে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর এবং জাহাজ কোম্পানির মোড় অতিক্রম করে টাউন হলে এক পথসভা করার কথা রয়েছে।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা শহরে গণসমাবেশ, পথসভা, মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।